ডিপোগুলোতে পর্যাপ্ত তেল আছে, পাম্পে দীর্ঘ লাইন দেওয়ার প্রয়োজন নেই: জ্বালানিমন্ত্রী

পেট্রলপাম্পগুলোতে অযথা দীর্ঘ লাইন না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, দেশে তেলের কোনো সংকট নেই; ডিপোগুলোতে পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, সরকার তেলের দাম বাড়ায়নি বা সরবরাহ কমায়নি। তাই আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনা বা মজুত করার কোনো প্রয়োজন নেই। বরং এমন প্রবণতার কারণেই পেট্রলপাম্পে অযথা ভিড় ও দীর্ঘ লাইন তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, গত বছরের তুলনায় এ বছর ২৫ শতাংশ বেশি তেল সরবরাহ করা হচ্ছে। ঈদের ছুটির কারণে কিছুদিন ডিপো বন্ধ থাকায় সাময়িকভাবে সরবরাহে প্রভাব পড়তে পারে, তবে এখন ডিপোগুলো চালু হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।

সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, প্রয়োজনের বেশি তেল কিনে অস্থিরতা তৈরি না করে স্বাভাবিকভাবে জ্বালানি গ্রহণ করতে হবে। দেশে তেল নিয়ে কোনো সংকট হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *