সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-কে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সুপ্রিম কোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক-এর জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, হাসানুল হক ইনুকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে তাকে আদালতে হাজির করা হয়। অপর দুই আসামি রাশেদ খান মেনন ও বিচারপতি মানিককেও হাজিরার জন্য আদালতে আনা হয়। শুনানি শেষে ইনুকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তিন আসামির পক্ষ থেকে তাদের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে, গত ২১ জানুয়ারি একই মামলায় মেনন ও মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছিল। ২০২৪ সালের ২২ আগস্ট আইনজীবী জিয়াউল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-কে তদন্তের নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ৩ অক্টোবর একটি সরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে বিচারপতি মানিক জিয়াউর রহমানকে ‘রাজাকার ও যুদ্ধাপরাধী’ হিসেবে উল্লেখ করেন। এছাড়া ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি একটি সেমিনারে তিনি দাবি করেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। অন্যদিকে, ২০১৩ সালে ভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননও তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এসব বক্তব্যের কারণে মানহানির অভিযোগ আনা হয়।